শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর বাজার ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব-১৪ এর যৌথ অভিযানে মেসার্স এন এন ট্রেডার্স ও মীম এন্টারপ্রাইজকে এ দণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উক্ত দুই প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ র্যাবের সদস্যরা এবং ভালুকা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামসুল ইসলাম রমিজ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.