মোঃ বদিউজ্জামান,ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ হাওর অঞ্চলের ন্যায় অতিবৃষ্টি ও তীব্র শ্রমিক সংকটের কারণে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় হাজার হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা এ অঞ্চলের কৃষকেরা।
সরেজমিনে জানা যায়, কঠোর পরিশ্রমে চাষাবাদ করা ধান সময়মত পেকে গেলেও তীব্র শ্রমিক সংকটের কারণে সেই ফসল ঘরে তুলতে পারেনি কৃষকেরা। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া অতিবৃষ্টির ফলে খাল, বিল, নদীনালা পানিতে ভরে গিয়ে পানির নিচে তলিয়ে গেছে এ অঞ্চলের অধিকাংশ ধানের জমি। উপজেলার মল্লিক বাড়ী, মেদুয়ারী, হবিরবাড়ী, ভরাডোবা, ধীতপুর, ভালুকা, রাজৈ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা এখন দিশেহারা। চাষাবাদকৃত ২০/২৫ শতাংশ জমির ধান কৃষকেরা কাটতে পারলেও রোধের অভাবে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এ বছর উপজেলায় মোট ১৮৬৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ১৬৪৯০ হেক্টর জমিতে স্থানীয় উপশি জাতের এবং ২১৮০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষাবাদ হয়েছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায় মাত্র ৪১০৭ হেক্টর জমির ধান কৃষকেরা কাটতে পেরেছেন। এবং এযাবৎ ৪৫৪ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন। এখনও নতুন নতুন এলাকা প্লাবিত হছে। উপজেলার মল্লিক বাড়ী ইউনিয়নের ভান্ডাব গ্রামের কৃষক শহীদ উল্লাহ মন্ডল বোরো মৌসুমে ৪ বিঘা জমিতে ধান চাষ করেন। সময়মত ধান পেকে গেলেও তীব্র শ্রমিক সংকটে ১ শতাংশ জমির ধানও কাটতে পারেনি।এখন অতিবৃষ্টির কারণে তাঁর সমস্ত জমির ধান তলিয়ে গেছে। মল্লিক বাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুরুল হক পাঠান জানান তার ইউনিয়নের ভান্ডাব,ও সাতেঙ্গা এলাকার অধিকাংশ জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.