মোঃ শফিকুল ইসলাম (দুখু) হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৪৫)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে আনোয়ার হোসেন চোরাচালানী মালামাল সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি সীমান্ত শূন্য লাইন পার হয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তারকাঁটার নিকটবর্তী এলাকায় অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ী/গারো ব্যক্তিদের হামলার শিকার হন।
হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন পূর্বেও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় এক ভারতীয় নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও বাহিনীর কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2026 মুক্তকণ্ঠ. All rights reserved.