ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভালুকায় ইউএনওর সঙ্গে প্রার্থীদের মতবিনিময়
- আপলোড সময়: ০২:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভালুকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফিরোজ হোসেন।
(২৮ জানুয়ারি) বুধবার বিকালে উপজেলা হলরুমে মতবিনিময় সভায় ইউএনও মো. ফিরোজ হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছেন, যা নির্বাচনী সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত। আশা করছি, এই সম্প্রীতির পরিবেশ মাঠপর্যায়েও বজায় থাকবে।
ইউএনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাঁরা যেন নিজ নিজ কর্মী-সমর্থকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় জানানো হয়, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল কার্যক্রম চালু রয়েছে। যদি নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয় এবং নির্বাচন ব্যাহত হয়, সে ক্ষেত্রে পরবর্তীতে আরও অধিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কঠোরভাবে নির্বাচন আয়োজন করা হবে।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণঅধিকার পরিষদের প্রফেসর আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডা. জাহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাশেমী।
তাঁদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন। পাশাপাশি তারা নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন-কানুন মেনে প্রচারণা পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে ইউএনও শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।









