ভালুকায় এক রাতে দুই গোয়ালঘরে চুরি, ৬ গরু উধাও
- আপলোড সময়: ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৪৬ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক দুটি গোয়ালঘর ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. কামাল উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাদুমিয়া গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিন (৪৬) ও তার প্রতিবেশী মো. জাবেদ আলী গাজী (৭২) গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নিজ নিজ গোয়ালঘরে গরুগুলো বেঁধে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ২৩ এপ্রিল ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, গোয়ালঘরের দরজার তালা কাটা এবং ভেতরে থাকা গরুগুলো নেই।
চোরেরা রাতের কোনো এক সময় তালা কেটে কামাল উদ্দিনের গোয়ালঘর থেকে ২টি এবং জাবেদ আলী গাজীর গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়দের জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে কামাল উদ্দিনের একটি সাদা রঙের গাভীন গরু ও একটি লাল রঙের বকনা বাছুর। অপরদিকে জাবেদ আলী গাজীর গরুগুলোর মধ্যে রয়েছে একটি লাল গাভী, একটি সাদা গাভী, একটি লাল ষাঁড় এবং একটি লাল রঙের ষাঁড় বাছুর।
ভুক্তভোগীরা জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গরু উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, “এ বিষয়ে কেউ এখনো আমার কাছে সরাসরি আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”










