ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
- আপলোড সময়: ১২:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০৪ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী গ্রামের খন্দকার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘরগুলোর ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফুল ইসলাম বলেন, “আমার বসতবাড়ির চারটি ঘর পুড়ে গেছে। ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, পরিবারের গহনা, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমরা নিঃস্ব হয়ে গেছি।”
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে তদন্ত করা হয়নি।










