ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
- আপলোড সময়: ০৩:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, ময়মনসিংহ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সহমর্মিতার কথা তুলে ধরে বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। চেক বিতরণ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।









